আগামীকাল শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে কোটি কোটি মানুষ পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগের কয়েক দিন ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট দেখা দিলেও ঈদের একদিন আগে শুক্রবার সকাল থেকে মহাসড়কে ফিরেছে স্বস্তি। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন, যাতে ভোগান্তি কমেছে ঘরমুখো যাত্রীদের।
যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত) সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫টি এবং ঢাকাগামী হয়েছে ১৩ হাজার ৭১৫টি যানবাহন। এ সময়ে সরকার ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে। গত পাঁচ দিনে সেতু দিয়ে মোট ২ লাখ ৫২ হাজার ৩৬টি যানবাহন পার হয়েছে, যা থেকে ১৫ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭শ টাকা টোল আদায় হয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, বৃহস্পতিবার সেতুর ওপর বারবার যানবাহন বিকল হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে রাত সাড়ে ৮টার পর থেকে চাপ কমতে শুরু করে এবং শুক্রবার সকাল ৯টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, সেতুর দুই পাশে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে, যার মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফও নিশ্চিত করেছেন যে, যানবাহনের চাপ কমে যাওয়ায় মহাসড়কে স্বস্তি বিরাজ করছে এবং যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন। ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা