কুমিল্লায় কৃষিমন্ত্রী: কয়েক মাসের খাদ্য মজুত আছে, আসছে ফসল বীমা
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের বর্তমান খাদ্য মজুত দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা সহজেই মেটানো সম্ভব হবে। গত বুধবার (১৮ মার্চ) আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সরকার নিশ্চিত যে, কোনো মানুষ খাদ্য সংকটে পড়বে না।
মন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা অন্য কোনো কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা যাতে আর্থিকভাবে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য ফসল বীমা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বীমা সুবিধার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি বলেন, কৃষকদের জন্য কেবল কার্ড ইস্যু নয়, তাদের উৎপাদিত ফসলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এছাড়াও কৃষি খাতে প্রণোদনা ও ঋণ সুবিধা সহজ করে কৃষকদের পাশে দাঁড়ানো হচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা চালুর মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে পথ চলা এই দল কথায় নয়, কাজেই বিশ্বাস করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমড়াতলী ইউনিয়নের ১ হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

