অনুদানের আবেদনের সময়সীমা বৃদ্ধি, এপ্রিল পর্যন্ত সময় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

প্রাইম বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৬ ১২:৪৮ এএম
অনুদানের আবেদনের সময়সীমা বৃদ্ধি, এপ্রিল পর্যন্ত সময় পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য অনুদানের আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে। এখন থেকে আগামী ১৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহীরা এই আবেদন জমা দিতে পারবেন। এর আগে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৭ মার্চ পর্যন্ত।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে এ সহায়তা প্রদান করা হবে। এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত সব স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের অবকাঠামো উন্নয়নের জন্য এই অনুদানের জন্য আবেদন করতে পারবে। এছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা দৈব দুর্ঘটনায় পড়া শিক্ষক-কর্মচারী এবং সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিকিৎসা ও পড়াশোনার খরচ নিয়ে আবেদন করতে পারবেন। তবে অগ্রাধিকার পাবেন দুস্থ, প্রতিবন্ধী এবং মেধাবী শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানপ্রধান বা রেজিস্ট্রারকে বার্ষিক শিক্ষা জরিপে উল্লেখ করা মুঠোফোন নম্বর দিয়ে মাইগভে নিবন্ধন করতে হবে। প্রতিষ্ঠানের জন্য অনুদানের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এবং শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। একবার এই সুবিধা পেলে শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠান আর আবেদন করতে পারবেন না। তবে শিক্ষার্থীরা তিন বছর পর পর আবেদনের সুযোগ পাবেন। জেলা পর্যায়ের কমিটি আবেদনগুলো যাচাই করে আগামী ৬ মে ২০২৬ এর মধ্যে মন্ত্রণালয়ে পাঠাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...