ঈদযাত্রায় স্বস্তি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই

সাত দিনের ঈদুল ফিতরের ছুটি শুরু হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের দেখা মেলেনি। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টা থেকে মহাসড়কের ১০৪ কিলোমিটার এলাকায় যানবাহনের প্রবল চাপ থাকলেও তাৎক্ষণিক কোনো জট সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতেই চলছে গাড়ির চাকা। এর আগের বছরগুলোতে এই সময় মহাসড়কে তীব্র যানজটের কারণে ঘরমুখো মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হলেও এবার পরিস্থিতি ভিন্ন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, যাত্রীদের স্বস্তির জন্য পুলিশ ২৪ ঘণ্টা মহাসড়কে দায়িত্ব পালন করছে। চট্টগ্রামমুখী লেনে গাড়ির চাপ বেশি থাকলেও নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে। এশিয়ান পরিবহনের চালক আবুল কালাম জানান, ঢাকা থেকে কুমিল্লা আসতে তাঁর মাত্র ২ ঘণ্টা ১৫ মিনিট সময় লেগেছে। যাত্রী কামাল হোসেনও আড়াই ঘণ্টায় কুমিল্লার পদুয়ার বাজার পৌঁছানোর খুশি প্রকাশ করেন এবং প্রশাসনকে ধন্যবাদ জানান।
যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহীনুর আলম বলেন, পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক করে জটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, মহাসড়কের উন্নয়নমূলক কাজ সাময়িক বন্ধ রেখে যান চলাচলের সুবিধা নিশ্চিত করা হয়েছে। দাউদকান্দি, চান্দিনা, নিমসার, চৌদ্দগ্রাম, ফেনী, মীরসরাই ও সীতাকুণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কড়া নজরদারি বজায় রেখেছে হাইওয়ে পুলিশ।

