স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কন্যা ড. শামারুহ মির্জা। তিনি বলেছেন, এত ছোট বয়সে বাচ্চাদের ওপর পরীক্ষার চাপ একেবারেই কাম্য নয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অসন্তোষের কথা জানান। ড. শামারুহ মির্জা প্রশ্ন রাখেন, মাত্র ক্লাস ওয়ানে পড়ুয়া শিশুদের ভর্তি পরীক্ষা দিতে হবে? তিনি আমেরিকা ও অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে বলেন, সেখানে এন্ট্রি লেভেলে কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয় না, বরং এলাকা ভিত্তিক ভর্তি অথবা লটারির মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হয়। এমনকি বাংলাদেশের খ্যাতনামা হলিক্রস স্কুলেও শুরুতে লটারির মাধ্যমেই ভর্তি করা হয় বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে কোচিং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না বরং ছোট শিশুরাই চাপে পড়বে বলে মন্তব্য করেন ফখরুলকন্যা। তিনি বলেন, এখন থেকে কোচিং সেন্টারগুলো ক্লাস ওয়ানের বাচ্চাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। এর ফলে বাচ্চাদের খেলার সময় কমে যাবে এবং তারা শৈশব থেকেই বঞ্চিত হবে। উল্লেখ্য, এর আগে সোমবার (১৬ মার্চ) শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০২৭ সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারি পদ্ধতি উঠে যাচ্ছে এবং সরল পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা