প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: অভূতপূর্ব কর্মযজ্ঞের প্রশংসা মাহদী আমিনের
মাত্র ২৮ দিনে রাষ্ট্র পরিচালনায় যুগান্তকারী পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর এই সাফল্যের কথা তুলে ধরেন তার উপদেষ্টা মাহদী আমিন। তিনি বর্তমান সরকারের এই কর্মযজ্ঞকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন।
মাহদী আমিন জানান, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মনোযোগী হয়েছেন। মাত্র এক মাসের মধ্যে সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন খাতে ২৮টি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এগুলো সাধারণ প্রশাসনিক কাজ নয় বরং জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার বাস্তব প্রমাণ।
এই ২৮ দিনে নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৩৭ হাজার ৫শ’ ৬৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং হাজার হাজার ধর্মীয় নেতাকে মাসিক সম্মানী দেওয়া। কৃষি খাতে প্রায় ২৭ হাজার কৃষককে কার্ড প্রদান এবং ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। প্রশাসনিক সংস্কারে সাপ্তাহিক ছুটি কমানো, ভিআইপি সংক্ষিপ্তকরণ এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়াও বাজার নিয়ন্ত্রণ, জ্বালানি স্থিতিশীলতা এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের মতো মেগা প্রকল্প এরই মধ্যে শুরু হয়েছে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মাহদী আমিন বিশ্বাস করেন, এই দ্রুত ও কার্যকর পদক্ষেপগুলো দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে মুখ্য ভূমিকা রাখবে।

