বিএনপি নেতা শায়রুল কবির খান সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আমিন মোহাম্মদ গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই নতুন দায়িত্ব অর্পণ করা হয়।
নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ শায়রুল কবির খানের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার এবং চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী উপস্থিত ছিলেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে তিনি দৈনিক দিনকালের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেছিলেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শায়রুল কবির খান ২০০৭ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাথে যুক্ত আছেন এবং দলটির মিডিয়া সেলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক হিসেবেও পরিচিত। পরে বিকালে তিনি বাংলামোটরস্থ সময়ের আলো কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ অন্যান্য সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
নতুন দায়িত্ব গ্রহণ করে শায়রুল কবির খান জানান, তিনি দল ও দেশের স্বার্থে সাংবাদিকতা এবং লেখালেখির মাধ্যমে কাজ করার ওপর বেশি গুরুত্ব দিতে চান।

