রমজানে মেট্রোরেলে ইফতার নিষিদ্ধ, চালু হলো নতুন সময়সূচি ও নিয়ম

পবিত্র রমজান মাসজুড়ে রাজধানীর মেট্রোরেলে ইফতার বা কোনো ধরনের খাবার গ্রহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। তবে যাত্রীদের পানি পানের সুবিধার্থে সর্বোচ্চ ২৫০ মিলিলিটারের পানির বোতল বহনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো অবস্থাতেই ট্রেনের ভেতরে বা স্টেশন এলাকায় খাবার খাওয়া যাবে না এবং পানির বোতল ফেলার ক্ষেত্রেও কিছু বিধি-নিষেধ মানতে হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৬ ফেব্রুয়ারি এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রমজানের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে, যা ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বলবৎ থাকবে। অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সপ্তাহের কর্মদিবসগুলোতে উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং বিপরীত পথে ট্রেনের হেডওয়ে বা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করা হয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে শুরু করে দিনভর বিভিন্ন সময়ে ট্রেনের ব্যবধান ৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে ভিন্ন হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেলের সময়সূচি অপরিবর্তিত থাকবে। যাত্রীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে, পানির খালি বোতল যেন কোনোভাবেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের মেঝেতে না ফেলা হয়। ব্যবহৃত বোতল অবশ্যই নির্দিষ্ট স্থানে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

