বিএনপি সরকারের সামনে চ্যালেঞ্জের পাহাড়, প্রত্যাশা ও বাস্তবতার দ্বন্দ্ব
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ও পরবর্তী গণভোটের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে অত্যন্ত জটিল ও বহুমুখী চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্লেষকদের মতে, সাধারণ সময়ে ক্ষমতায় আসা কোনো দলের তুলনায় গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব পাওয়া এই সরকারের ওপর জনগণের প্রত্যাশা অনেক বেশি, যা পূরণ করা তাদের জন্য কঠিন হবে।
রাজনৈতিক মহলের ধারণা, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর দলীয় শৃঙ্খলা ধরে রাখা এবং তৃণমূলের ব্যাপক প্রত্যাশা পূরণ করা বিএনপির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। প্রশাসনে একক দলীয় আধিপত্য ও চাঁদাবাজির মতো অনিয়ম রোধ করতে না পারলে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর মতো শক্তিশালী বিরোধী দল সংসদ ও রাজপথে চাপ সৃষ্টি করতে পারে, যা রাজনৈতিকভাবে সরকারকে সতর্ক থাকতে বাধ্য করবে।
অর্থনীতির ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেছেন, রমজানের আগে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাই হবে সরকারের প্রথম ও বড় পরীক্ষা। এছাড়াও বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে রাজস্ব খাতের সংস্কার করা অত্যন্ত জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

