যুদ্ধের আধুনিক রণতরী, টয়লেটের লাইনে ৪৫ মিনিট অপেক্ষা!

মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন বিড়ম্বনার কেন্দ্রে। জাহাজটির প্রায় পাঁচ হাজার নাবিক যখন মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন তাদের জন্য প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থার বিশাল ত্রুটি। এই সমস্যার কারণে অনেক সময় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তাদের প্রায় ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে।
সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, গত ১৫ জানুয়ারি থেকেই জাহাজটির ভ্যাকুয়াম সিস্টেমভিত্তিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা বারবার বিকল হচ্ছে। সমুদ্রের মাঝখানে থাকায় এই জটিল যন্ত্রপাতির মেরামত করা সম্ভব হচ্ছে না, যা নাবিকদের জন্জাল বাড়িয়েছে বহুগুণ। গত জুন মাস থেকে টানা সাগরে অবস্থান করছে এই রণতরি। এর মেয়াদ দ্বিতীয়বারের মতো বৃদ্ধি পাওয়ায় জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন ডেভিড স্কারোসিও বিস্মিত হয়েছেন বলে জানা গেছে।
যুদ্ধক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন না উঠলেও, এই অব্যবস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাসির খোরাক জুগিয়েছে। অনেকে একে পরিহাস করে টয়লেট সমস্যাকে টয়লেট যুদ্ধ নামে অভিহিত করছেন। তবে মার্কিন নৌবাহিনীর দাবি, এই সমস্যা তাদের যুদ্ধ প্রস্তুতি বা অপারেশনাল সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না। ইরান সংকটের মধ্যেই এই বিশাল যুদ্ধজাহাজটিকে আরও দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

