মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান ড্রোন হামলার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (AWS) দুটি ডেটা সেন্টার আক্রান্ত হয়েছে। ড্রোনের সরাসরি আঘাতে এই সার্ভারগুলোর অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেবায় বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বাহরাইনে অবস্থিত তাদের আরেকটি স্থাপনার কাছাকাছিও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। মূলত কাতার, কুয়েত ও আমিরাতে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে। অ্যামাজনের ডেটা সেন্টারগুলো ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কাজ করে, তাই এই ধরনের স্থাপনায় আঘাত হানা ইন্টারনেট সেবার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।
এই পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি এড়াতে অ্যামাজন তাদের গ্রাহকদের সতর্ক করেছে। তারা গ্রাহকদের অবিলম্বে ডেটা ব্যাকআপ করার পাশাপাশি সিস্টেম স্থানান্তরের জন্য যুক্তরাষ্ট্র, এশিয়া বা ইউরোপের মতো নিরাপদ অঞ্চলে নেওয়ার পরামর্শ দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বিশ্বব্যাপী ডিজিটাল সেবার ওপরও তীব্র প্রভাব ফেলতে শুরু করেছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা