কয়েক দশক পর পারমাণবিক শক্তি বাড়াবে ফ্রান্স, নতুন কৌশল ম্যাক্রোঁর

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ২:৫৩ এএম
কয়েক দশক পর পারমাণবিক শক্তি বাড়াবে ফ্রান্স, নতুন কৌশল ম্যাক্রোঁর

বিশ্বজুড়ে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ফ্রান্স বড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন যে, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দেশটি তাদের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধি করবে। সোমবার ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘ইল লঁগ’ সাবমেরিন ঘাঁটিতে দেওয়া এক ভাষণে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

বর্তমানে ফ্রান্সের কাছে ৩০০টিরও কম পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন, তবে ঠিক কতগুলো নতুন ওয়ারহেড যোগ করা হবে তা স্পষ্ট করেননি। ধারণা করা হচ্ছে, ১৯৯২ সালের পর এটিই হবে প্যারিসের পারমাণবিক ভাণ্ডার বৃদ্ধির প্রথম ঘটনা। একইসাথে, ভবিষ্যতে তাদের পারমাণবিক অস্ত্রের সঠিক সংখ্যা আর প্রকাশ্যে আনা হবে না বলেও জানিয়েছেন তিনি।

রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাক্রোঁ জানিয়েছেন, জার্মানি, ব্রিটেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, গ্রিস, সুইডেন এবং ডেনমার্ক—এই আটটি মিত্র রাষ্ট্রে ফ্রান্সের কৌশলগত বিমান বাহিনী মোতায়েন করা হবে। এই পদক্ষেপ ন্যাটোর বাইরে ইউরোপীয়দের নিজস্ব নিরাপত্তা জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

একাধিক হুমকির মোকাবিলায় সার্বভৌমত্ব রক্ষায় শত্রুপক্ষের মনে ভীতি সৃষ্টি করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট। আগামী নির্বাচনে ডানপন্থীদের উত্থানের আশঙ্কার মধ্যেও ম্যাক্রোঁ অস্ত্রাগারের আধুনিকায়নে জোর দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, ফ্রান্সের এই নতুন সামরিক কৌশল ইউরোপের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে এবং বিরোধীপক্ষের জন্য সামরিক সমীকরণ আরও জটিল করে তুলবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...