কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, ইরান নয় দাড়িয়েছে বন্ধুদের গুলি

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১২:০৮ এএম
কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, ইরান নয় দাড়িয়েছে বন্ধুদের গুলি

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার তৃতীয় দিনে কুয়েতের আকাশে রহস্যজনকভাবে ধ্বংস হয়েছে তিনটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। রোববার (১ মার্চ) ঘটে যাওয়া এই ঘটনার জন্য প্রথমে ইরানকে দায়ী করা হলেও পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, ওই বিমানগুলো কুয়েতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত ভূপাতিত হয়েছে। তবে আশার কথা হলো, এফ-১৫ স্ট্রাইক ইগল বিমানের ছয় ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে এসেছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে।

আলজাজিরার বরাত দিয়ে জানা গেছে, সোমবার (২ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে জানায় যে ওই ঘটনায় বিমানের সবাই নিরাপদে আছেন এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অবশ্য এই বিমানগুলোকে লক্ষ্য করে তাদের হামলার দাবি করেছিল। তবে ওয়াশিংটন সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, কুয়েতের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি স্বীকার করেছে।

যুদ্ধবিমান হিসেবে এফ-১৫ স্ট্রাইক ইগলের খ্যাতি বিশ্বজুড়ে। এর আগে কখনোই কোনো শত্রুপক্ষ এই বিমানটি ভূপাতিত করতে পারেনি, যার কারণে একে অজেয় বলা হতো। শব্দের চেয়ে আড়াই গুণ বেগে উড়ে ৬৫ হাজার ফুট উচ্চতায় যাওয়ার ক্ষমতা থাকা এই যানটি ধ্বংসের ঘটনা নতুন করে আলোচনার ঝড় তুলেছে। বর্তমানে ঘটনার কারণ অনুসন্ধান করছে যুক্তরাষ্ট্র। কুয়েতি বাহিনীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিস্তারিত তথ্য পাওয়ার পরই তা জানানো হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...