খামেনির পর এবার আরাফি? যুদ্ধের মাঝে ইরানের নতুন নেতার মৃত্যুর গুঞ্জন

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৭:৩৭ পিএম
খামেনির পর এবার আরাফি? যুদ্ধের মাঝে ইরানের নতুন নেতার মৃত্যুর গুঞ্জন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে যখন নেতৃত্বের শূন্যতা ও রাজনৈতিক সংকট চরমে, ঠিক তখনই ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পাওয়া আয়াতুল্লাহ আলীরেজা আরাফির মৃত্যুর খবরে তোলপাড় শুরু হয়েছে। গত সোমবার (২ মার্চ) থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে, তেহরানে নতুন করে বিমান হামলায় নিহত হয়েছেন এই প্রভাবশালী ধর্মীয় নেতা।

মার্কিন আগ্রাসনের মুখে খামেনির মৃত্যুর পরপরই পরিস্থিতি সামাল দিতে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করে ইরান। এই কমিটিতে আরাফির সঙ্গে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি-এজেই। স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্বে থাকার কথা ছিল তাদের। কিন্তু পাল্টা প্রতিরোধ গড়তে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মধ্যেই এই শোকের খবর আসে।

সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এক্স হ্যান্ডেলে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে দাবি করেছেন, আরাফি তেহরানে নতুন হামলায় প্রাণ হারিয়েছেন। তবে এখন পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় কোনো মাধ্যম বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করতে পারেনি। ফলে যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার মাঝে এই গুঞ্জন নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য ও উদ্বেগ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...