ড্রোন হামলায় বন্ধ সৌদির বৃহত্তম তেল শোধনাগার, বাড়ছে উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৪:২৩ পিএম
ড্রোন হামলায় বন্ধ সৌদির বৃহত্তম তেল শোধনাগার, বাড়ছে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। টানা ড্রোন হামলার মুখে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাদের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরা বন্ধ করে দিয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান যে প্রত্যাঘাত শুরু করেছে, তার তৃতীয় দিনে এই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানা হলো।

উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সটি সৌদি অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিদিন এখানে ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল শোধন করার সক্ষমতা রয়েছে। শোধনাগারটি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাবে সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে গেছে। এছাড়া বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল চলাচলকারী হরমুজ প্রণালীতেও জাহাজে হামলার ঘটনায় তেল পরিবহন প্রায় অচল হয়ে পড়েছে।

ঝুঁকি বিশ্লেষণী প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের মধ্যপ্রাচ্য বিশ্লেষক টরবিয়র্ন সল্টভেডট জানিয়েছেন, এই হামলা অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, উপসাগরের জ্বালানি অবকাঠামো এখন সরাসরি ইরানের টার্গেটে পরিণত হয়েছে। এই পরিস্থিতি সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক জোটের আরও কাছে নিয়ে যেতে পারে। এর আগে ২০১৯ সালে সৌদি আরবের আবকাইক ও খুরাইস তেল কেন্দ্রে অনুরূপ হামলার ফলে দেশটির অর্ধেকের বেশি তেল উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল, যার প্রভাব পড়েছিল বিশ্ববাজারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...