যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ধ্বংস ইরানের বিপ্লবী বাহিনীর সদর দপ্তর

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৪:১৩ এএম
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ধ্বংস ইরানের বিপ্লবী বাহিনীর সদর দপ্তর

ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যে চলমান যুদ্ধের দ্বিতীয় দিনে দেশটির শক্তিশালী বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল। সোমবার (২ মার্চ) মার্কিন ও ইসরায়েলি বাহিনী পৃথক বিবৃতিতে জানায়, তেহরানের গুরুত্বপূর্ণ এই সামরিক অবকাঠামো লক্ষ্য করে তারা ব্যাপক হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গতকালের বড় আকারের অভিযানে আইআরজিসির মূল ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তারা বলছে, গত ৪৭ বছর ধরে হাজার হাজার মার্কিন সেনা হত্যাকারী এই বাহিনীর মাথা কেটে ফেলা হয়েছে এবং এখন তাদের আর কোনো সদর দপ্তর অবশিষ্ট নেই। এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দাবি করেছিল, তাদের হামলায় ইরানের গোয়েন্দা বিভাগ, বিমানবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্র এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ঘাঁটিও বিধ্বস্ত হয়েছে।

এই যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও আইআরজিসির শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ আরও জানিয়েছে, ইরানের শাসকদের অনুগত সামরিক বাহিনী ও তাদের অবকাঠামোর ওপর হামলা আরও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...