চার মিসাইলে মার্কিন রণতরীতে হামলা ইরানের, চরম উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৯:২২ পিএম
চার মিসাইলে মার্কিন রণতরীতে হামলা ইরানের, চরম উত্তেজনা

আরব সাগরে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলা পরিচালনা করেছে বলে জানা গেছে। আইআরজিসির দাবি, তাদের নিক্ষিপ্ত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই রণতরীতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসির জনসংযোগ শাখা জানিয়েছে, এই ঘটনার মধ্য দিয়ে দেশটির সশস্ত্র বাহিনী সামরিক সংঘাতের একটি নতুন ধাপে প্রবেশ করেছে। তাদের বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, স্থল ও সমুদ্র—উভয় স্থানই এখন সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে। ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমাদের নানা হুঁশিয়ারি উপেক্ষা করেই তেহরান এই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।

গত রোববার (১ মার্চ) ইরান পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে একযোগে হামলা চালায়। রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা, মানামার পাশাপাশি জেরুজালেম ও তেল আবিবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জরুরি সেবা সংস্থা জানিয়েছে। এদিকে, খামেনি হত্যাকাণ্ডকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ইরানের জন্য আইনত ও নৈতিকভাবে বাধ্যতামূলক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...