এক মিনিটেই খামেনি-সহ ৪০ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৪:৫৮ পিএম
এক মিনিটেই খামেনি-সহ ৪০ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রোরিং লায়ন’ পরিচালনার অভিযোগ এনে ইসরায়েল দাবি করেছে যে, তাদের বিমান হামলায় মাত্র এক মিনিটের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ ৪০ জন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই ঘটনাকে তেহরানের হুমকির বিরুদ্ধে একটি ‘পূর্বপ্রস্তুতিমূলক আঘাত’ হিসেবে বর্ণনা করেছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। সিআইএ আগেভাগেই ইসরায়েলকে জানিয়ে দিয়েছিল যে, শনিবার সকালে তেহরানের একটি সরকারি কমপাউন্ডে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এ তথ্যের ভিত্তিতে ইসরায়েল হামলার পরিকল্পনা পরিবর্তন করে দিনের বেলায় আঘাত হানে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, খামেনির ওই কমপাউন্ড লক্ষ্য করে ইসরায়েলি জঙ্গিবিমানগুলো প্রায় ৩০টি বোমা নিক্ষেপ করে, যা ওই স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়।

আইডিএফ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের একাধিক স্থানে একযোগে এই হামলা পরিচালনা করা হয়। সে সময় ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের সাতজন সদস্য একই স্থানে উপস্থিত ছিলেন। আইডিএফ নিশ্চিত করেছে যে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুলরহিম মোসাভিও এই হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল সময় শনিবার সকাল ৬টায় শুরু হওয়া এই অভিযানে তেহরানের সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে বোমা হামলা চালানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...