কুয়েতে ড্রোন হামলায় আহত এক বাংলাদেশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৩:৫০ এএম
কুয়েতে ড্রোন হামলায় আহত এক বাংলাদেশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের টার্মিনাল ১-এ সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওই এলাকায় কর্মরত এক বাংলাদেশি নাগরিকসহ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ও কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, আহত বাংলাদেশি ওই বিমানবন্দরে ক্লিনার হিসেবে কাজ করতেন। তিনি সেখানকার ‘ওয়ায়েল আল নসিব’ কোম্পানির একজন কর্মী। ঘটনার পরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানিয়েছেন, ড্রোনটি বিমানবন্দরে আঘাত হানলে তাৎক্ষণিকভাবে জরুরি পরিকল্পনা অনুযায়ী কাজ করা হয় এবং পুরো এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আহত ওই বাংলাদেশির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তিনি এখন আশঙ্কামুক্ত। বর্তমানে বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হামলার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...