শৈশবে ক্ষুধার্ত হয়ে আজানের অপেক্ষায় কাঁদতেন তাবাসসুম ছোঁয়া
বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় মুখ তাবাসসুম ছোঁয়া। ব্যস্ত অভিনয়ের মাঝেও পবিত্র রমজানের আমেজ ধরে রেখেছেন তিনি। সম্প্রতি তার শৈশবের রোজা রাখার স্মৃতিচারণ করতে গিয়ে এক অজানা গল্পের কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, ছোটবেলায় রোজা রাখলে দিনভর ক্ষুধার্ত থাকার কারণে মসজিদের সামনে বসে কান্না করতেন তিনি।
শৈশবের রোজার স্মৃতি বর্ণনা করতে গিয়ে ছোঁয়া বলেন, আজানের সময় হলেই তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতেন। পানি বা খাবার মুখে দেওয়ার জন্য মসজিদের সামনে বসে থাকতেন এবং আজান দেরি হলে কান্না শুরু করে দিতেন। এমনকি অনেক সময় আজান দিতে দেরি হলে হুজুরকে মিসকল দিয়ে ডাকতেন তিনি। ইফতারের খাবারদ্রব্যের মধ্যে তিনি এখনও পুরনো দিনের ঐতিহ্যবাহী খাবার পছন্দ করেন। মুড়ির সাথে জিলাপি, ছোলা এবং বুন্দিয়া মিলিয়ে খেতে তার খুব ভালো লাগে। অনেকে এটি নিয়ে খোঁচা দিলেও তিনি তাতে কর্ণপাত করেন না বলে জানান।
‘দেনা পাওনা’ ধারাবাহিকের ‘নিপা’ চরিত্রে অভিনয় করছেন তাবাসসুম ছোঁয়া। তিনি বলেন, তার মা ছোটবেলায় শিখিয়েছেন রোজা রাখলে গরিব ও অসহায় মানুষের কষ্ট বোঝা যায়। তবে তাকে রোজা রাখার ব্যাপারে কখনও চাপ দেওয়া হতো না, এটা সম্পূর্ণ তার ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হতো। বর্তমানে ধারাবাহিক নাটকের পাশাপাশি টিভিসি এবং খণ্ড নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

