মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত সেলিম খান, অস্ত্রোপচার নয় ডিএসএ পদ্ধতি
বলিউড সুপারস্টার সালমান খানের বাবা এবং প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখানে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। অনেকেই ধারণা করেছিলেন তার মস্তিষ্কের অস্ত্রোপচার হতে পারে, তবে চিকিৎসকরা জানিয়েছেন এটি কোনো সার্জারি ছিল না, বরং ডিএসএ বা ডিজিটাল সাবট্র্যাকশন অ্যানজিওগ্রাফি নামক একটি রোগ নির্ণয় পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।
সেলিম খানের চিকিৎসক জলিল পার্কার জানান, উচ্চ রক্তচাপ এবং মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণের লক্ষণ থাকায় এই পরীক্ষাটি অত্যন্ত জরুরি ছিল। ডিএসএ পদ্ধতির মাধ্যমে মস্তিষ্কের রক্তনালীগুলোর অবস্থা পরীক্ষা করে দেখা হয়েছে যে সেখানে কোনো ব্লকেজ বা অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি আছে কিনা। এটি একটি আধুনিক ইমেজিং প্রযুক্তি, যার মাধ্যমে কনট্রাস্ট ডাই ব্যবহার করে রক্তনালীর খুঁটিনাটি কম্পিউটারের মাধ্যমে স্পষ্ট করে দেখা যায়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
হিন্দি চলচ্চিত্র জগতে সেলিম খান একটি বিশাল নাম। জাভেদ আখতারের সাথে তার তৈরি করা ‘সেলিম-জাভেদ’ জুটি বলিউডে এক নতুন ধারার সূচনা করেছিল। তাদের লেখা ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’ এবং ‘জঞ্জির’ সিনেমাগুলো আজও দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি এককভাবেও তিনি ‘নাম’, ‘কব্জা’ এবং ‘জুর্ম’-এর মতো সফল সিনেমার চিত্রনাট্য লিখেছেন। তার অসুস্থতার খবরে গোটা চলচ্চিত্র অঙ্গনে শঙ্কা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

