জন্মদিনে প্রেমিকা মাহিকাকে বিশেষ শুভেচ্ছা হার্দিকের, ভাইরাল ঘনিষ্ঠ ছবি
ভারতের জনপ্রিয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্য দিয়ে খবরের শিরোনাম হয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার নতুন প্রেমিকা অভিনেত্রী মাহিকা শর্মার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেন তিনি। ওই ছবির ক্যাপশনে এই অলরাউন্ডার মাহিকাকে তার জীবনের রাজকন্যা হিসেবে সম্বোধন করেছেন, যা তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
শ্রীলংকায় তাদের ছুটির সময় তোলা একটি ছবি পোস্ট করে হার্দিক লেখেন, শুভ জন্মদিন আমার রাজকন্যা। সমুদ্রের পটভূমিতে দুজনের আলিঙ্গনরত ছবিটি এরই মধ্যে নেটিজেনদের মনোযোগ কেড়েছে। প্রেমিকার সুরক্ষার জন্য তিনি পোস্টে একটি এভিল আই স্টিকারও ব্যবহার করেছেন। এর আগে মাহিকার নামের প্রথম অক্ষর এম নিজের গলার কাছে ট্যাটু করিয়েও চমক দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
প্রসঙ্গত, ২০২৪ সালে সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের সাথে হার্দিকের বিবাহবিচ্ছেদ হয়। সেই কঠিন সময় পেরিয়ে বর্তমানে তিনি নতুন করে প্রেমে পড়েছেন। মাহিকার সাথে তার এই সম্পর্ক নিয়ে ভক্ত এবং অনুসারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গেছে। জন্মদিনের এই বিশেষ পোস্টের মাধ্যমে হার্দিক তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি এক প্রকার প্রকাশ্যে স্বীকার করলেন বলে মনে করছেন অনেকে।

