সেলিম খানের অস্ত্রোপচার সফল, ভাইরাল শাহরুখের আবেগঘন স্মৃতিচারণ
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরেণ্য চিত্রনাট্যকার সেলিম খান। অবশেষে চিকিৎসকদের ধারাবাহিক চেষ্টায় তার অস্ত্রোপচার সফল হয়েছে। ডা. জলিল ডি পার্কার জানিয়েছেন, ৯০ বছর বয়সী এই প্রবীণ অভিনেতাকে এখনও ভেন্টিলেশনে রাখা হলেও তিনি স্থিতিশীল আছেন এবং শিগগিরই তাকে ভেন্টিলেশন থেকে সরানো সম্ভব হবে।
সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার ও ভক্তরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ খানের একটি পুরনো সাক্ষাৎকার। ২০১৮ সালে দেওয়া ওই সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, মুম্বাইয়ে এসে যখন তিনি কাউকে চিনতেন না, তখন সালমান খানের পরিবার তাকে আপন করে নেয়। তিনি বলেছিলেন, সেলিম সাহেব সবসময় তার পাশে থেকেছেন এবং তার সমর্থনের কারণেই আজ তিনি বলিউডের এই শীর্ষে পৌঁছাতে পেরেছেন।
শুধু শাহরুখ খান নন, অভিনেতা সুরজ পাঞ্চোলিও একবার জানিয়েছিলেন সেলিম খানের উদার মানসিকতার কথা। সালমান খানের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’র দরজা সবার জন্য উন্মুক্ত থাকত বলেও জানিয়েছেন তিনি। টেলিভিশন থেকে শুরু করে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা শাহরুখ আজ ভারতের অন্যতম সেরা তারকা। সেলিম খানের অবদানের কথা স্মরণ করে নতুন করে আলোচনায় ভক্তরা।

