রাজবাড়ীর পাংশায় পানিতে ডুবে জান্নাতি (১৩) নামে এক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার নয়ন মোড় এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। জান্নাতি ওই এলাকার জিন্না আলী খানের মেয়ে।
জানা যায়, শুক্রবার দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় কয়েকজন গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় জান্নাতির নিথর দেহ দেখতে পান।
তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা